সারাদেশ ১৮ অক্টোবর, ২০১৯ ১২:২৩

টাকা দিলেই মিলবে সরকারি চাকরি!

ডেস্ক রিপোর্ট।। 

টাকা দিলেই মিলবে সরকারি চাকরি, তাও আবার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিমান বন্দরের বিভিন্ন সেক্টরে। এ লক্ষে দেশের বিভিন্ন জেলাতে খোলা হয় অফিস আর টার্গেট করা হয় গ্রামের নিরীহ বেকার যুবকদের। এরপর ভুয়া নিয়োগপত্র দিয়ে করা হয় অভিনব প্রতারণা। বৃহস্পতিবার, উত্তরায় এমনই একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রতারক চক্রের বেশ কয়েকজনকে আটক করে র‌্যাব। 

রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের চার তলা বাড়ির তৃতীয় তলায় 'এপি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে চলছিলো প্রতারণার রমরমা ব্যবসা। ভেতরে ঢুকতেই, দেখা যায় চাকরির আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শিক্ষিত যুবকেরা।

বৃহস্পতিবার, প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র‌্যাব। চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে জানা যায়, সরকারী চাকরী দেয়ার কথা বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। অনেককে আবার মন্ত্রণালয়ের ভুয়া নিয়োগপত্রও দেয়া হয়েছে।

র‌্যাব বলছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির লোগো ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় এই প্রতারণার ছক তৈরি করেছিলো প্রতিষ্ঠানটি। মালিক গিয়াস উদ্দিন পিন্টু নামের এক ব্যক্তি। বৈধ ট্রেড লাইসেন্স থাকলেও মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মচারির সহায়তায় তাদের মূল উদ্দেশ্য চাকরি দেয়ার নামে প্রতারণা।

পরে, প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। আর এই চক্রের সাথে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।