কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বুধবার রাতে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানায়, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর নিকট দিয়ে দুইজন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজের অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করে। প্রাথমিক ভাবে তারা জানায়, তারা বাংলাদেশি নাগরিক। তারা বাজারে এসেছিল ওষুধ কিনতে, এসময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়, অপরজনকে আটক করে বিজিবি। পরে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।






















