তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম উন্নয়ন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৩ জন। শনিবার সকালে তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নান নগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জসহ এলাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মসজিদ, মাদ্রাসা, বাজার, হাট, খাস পুকুরসহ সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা এবং উন্নয়নমূলক কাজের জন্য একটি গ্রাম উন্নয়ন কমিটি রয়েছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর চলতি কমিটি ভেঙে দেয় গ্রামবাসী এবং আড়াশ উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম মোল্লা ও তাঁর অনুসারীরা। পরে ওই বিএনপি নেতা নিজেকে সভাপতি ঘোষণা করে নতুন গ্রাম উন্নয়ন কমিটি গঠন করেন।
এদিকে একই গ্রামের বিএনপি কর্মী আব্দুর রশীদ ও তাঁর লোকজন নবগঠিত গ্রাম উন্নয়ন কমিটির বিরোধিতা করে সেটি বাতিল এবং নতুন কমিটি গঠনের দাবি জানান। এ নিয়ে মান্নান নগর এলাকার বাজারে দুই বিএনপিপন্থি রাজনীতিক এবং গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শহিদুল ও আব্দুর রশীদের লোকজন পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
বেলা সাড়ে ১১টার দিকে আবার সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সংঘর্ষে মোতালেব হোসেন, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহতাব আলী, মহশীন, শিবলু, আব্দুল বারিক, তছলিম, আব্দুর রাজ্জাকসহ হামকুরিয়া গ্রামের অনন্ত ১৩ জন আহত হন। এদের মধ্যে আব্দুর রশিদ, মাহতাব আলীসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ এখনও থানায় অভিযোগ জানায়নি।





















