সারাদেশ ২১ অক্টোবর, ২০২৪ ০৮:০৫

ইলিশ নিধন বন্ধে অভিযান

মৎস্য কর্মকর্তাকে বেঁধে রাখার হুমকি বিএনপি নেতার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
বরিশালের দশমিনায় হারুন খান নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে মৎস্য কর্মকর্তাকে বেঁধে রাখার হুমকি ও গালাগাল করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের কেদিরহাটে মা ইলিশ রক্ষা অভিযানের পর এ ঘটনা ঘটেছে। 

হারুন খান উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।

অভিযোগ থেকে জানা গেছে, শনিবার দপ্তরের লোকজন ও পুলিশ নিয়ে সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর কেদিরহাটে মা ইলিশ রক্ষা অভিযানে যান মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম (চলতি দায়িত্ব)। স্থানীয় রমিজ নামে একজনকে সঙ্গে নিয়ে বিএনপি নেতা হারুন খান সেখানে উপস্থিত হয়ে তাদের গালমন্দ করেন। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গাছের গুঁড়ি ছোড়া হলে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার কিছুক্ষণ পর হারুন খান মৎস্য কর্মকর্তাকে ফোন করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলেন। এরপর চোর বলে গালমন্দ করে বেঁধে রাখার হুমকি দেন।
  
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা হারুন খান বলেন, মা ইলিশ শিকারে বিএনপি নেতাদের জড়িয়ে যাতে বদনাম না করা হয় সেজন্য মৎস্য কর্মকর্তাকে সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি। গালাগাল করার অভিযোগ সঠিক নয়।  

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার বলেন, হারুনের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেছেন, মৎস্য কর্মকর্তা মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, বিএনপি নেতার হুমকি-ধমকি ও গালমন্দ করার ফোন রেকর্ড থানায় জমা দিয়ে সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে।