সিলেট ব্যুরো
সিলেট আদালতের দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) কক্ষে তালা দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। রোববার নতুন নিয়োগ পাওয়া দুই পিপিকে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দাবি করে তাদের কক্ষে তালা দেওয়া হয়।
দুই পিপি হলেন- জেলা ও দায়রা জজ আদালতের নতুন নিয়োগপ্রাপ্ত পিপি এটিএম ফয়েজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মুজিবুর রহমান। শুধু বিএনপি নয়, জামায়াতের আইনজীবীরাও পুরো তালিকা বাতিলেরও দাবি জানিয়েছেন।
গত ১৬ অক্টোবর সিলেটের সব আদালতে ১০৩ জন পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এরপর থেকে দুই পিপি অপসারণসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া আই্নজীবী নিয়ে প্রশ্ন তুলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ দুই পিপির কক্ষে তালা দেন বিএনপির আইনজীবীরা।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হাসান পাটোয়ারি রিপন বলেন, পিপি ও স্পেশাল পিপি নিয়ে তাদের অভিযোগ রয়েছে। ফয়েজ এক সময় আওয়ামী লীগে ছিলেন। বিএনপি নেতাকর্মীরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এটিএম ফয়েজ তখন প্রবাসে ছিলেন। বিগত সরকারের সময় বিশেষ পিপি মুজিবুর রহমান সুবিধাভোগী ছিলেন।
এ বিষয়ে এটিএম ফয়েজ বলেন, যারা পদবঞ্চিত হয়েছেন তারাই এসব করছেন।
বিএনপি ছাড়াও সরকারি কৌঁসুলীর তালিকা বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতের আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের নেতৃবৃন্দ। তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে ইতোমধ্যে স্মারকলিপিও দিয়েছেন।






















