ডেস্ক রিপোর্ট ।।
সড়ক পরিবহন আইন প্রয়োগে আর ৭ দিন সময় দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই সময়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার বিআরটিএ’র সদর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন সংশোধন নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এ ধরনের কোনো কথা হয়নি।
সংশ্লিষ্টরা জানান, নতুন আইন প্রয়োগ না হওয়া পর্যন্ত এর অধীনে মামলা হবে না। আইনটি গত ১ নভেম্বর থেকে কার্যকরের ঘোষণা দিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ওইদিনই আইন প্রয়োগে সাতদিন সময় দিয়েছিলেন মন্ত্রী। বৃহস্পতিবার ওই সময়সীমা শেষ হয়েছে। এদিন মন্ত্রী আইন প্রয়োগে আরও সাতদিন সময় বাড়িয়ে দিলেন।
এ বিষয়ে বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেন, প্রথমে সাতদিন সময় দিয়েছিলাম। আরও সাতদিন বাড়িয়ে দিচ্ছি। এ সময়ে ব্যাপক প্রচারণার কর্মসূচি নিতে হবে। তিনি বলেন, বিধিমালা প্রণয়ন শেষ পর্যায়ে রয়েছে। এটির কাজ দ্রুত শেষ করা হবে।





















