ডেস্ক রিপোর্ট।।
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডসহ বিভিন্ন দুর্নীতি অনুসন্ধানে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহাসহ দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১১ নভেম্বর) সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তারা হলেন গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশল মো. শফিকুল ইসলাম ও সুমন কুমার নন্দী, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিন ও মো. জাহিদুল করিম।
এছাড়া, ৬ নভেম্বর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বর্তমানে ওএসডি) মাসুদুল আলমসহ সাত প্রকৌশলীকে এ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। ৩ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শৌকত আকবরসহ মোট ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয়।





















