ডেস্ক রিপোর্ট।।
শিমুলিয়া ঘাটে ভিআইপি পারাপারের জন্য ফেরি ঘাটে কর্ণফুলি ফেরিটিকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১ টার দিকে ঘাটে অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের গাড়ির চালকরা এ অভিযোগ করেন।
তারা বলেন, কোনও গাড়ি লোড না করে ফেরিটি কমপক্ষে ১ ঘণ্টা ঘাটে দেরি করে। তবে, কর্তৃপক্ষ বলছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান দাফতরিক কাজে মাদারীপুরে যাচ্ছেন। এজন্য তাকে প্রটোকল দেওয়ার সরকারি চিঠি পাঠানো হয়েছে। সে অনুযায়ী তাকে কর্ণফুলী ফেরিতে পার করা হয়েছে।
এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে কর্ণফুলী ফেরির চালক মনিরুজ্জামান মনির প্রথমে দাবি করেন, ‘ফেরিটি শিমুলিয়া ঘাটে একটুও দেরি করেনি। পরে বলেন যে ১০ মিনিটের মতো সময় লেগেছিল ফেরিটি লোড-আনলোড করতে।’তবে ফেরিটি ঘাটে দেরি করার প্রমাণ পাওয়া গেছে এমন তথ্য জানালে তোনও উত্তর না দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্হাপক সাফায়েত আহমেদ বলেন, দুদক কমিশনারের জন্য ১০ মিনিটের বেশি দেরি করা হয়নি। ঐ সময় ছোট গাড়িগুলো রো রো ফেরিতে দেওয়া হচ্ছিল। তার জন্য ফেরি আটকে রাখা হয়নি। দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও পুলিশের সাবেক আইজিপি শহিদুল হককে ভিআইপি হিসেবে নয়, 'বিশেষ সম্মান' করে ফেরিতে তাদের গাড়িকে আগে জায়গা দেওয়া হয়েছে। কর্ণফুলী ফেরিতে তাদের গাড়ির সঙ্গে সাধারণ যাত্রীদের গাড়িও ছিল।"





















