সারাদেশ ১৭ নভেম্বর, ২০১৯ ১১:১৫

রাজধানীতে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

ডেস্ক রিপোর্ট ।।

রাজধানীর আদাবরে নাসিমা বেগম (৪০) নামে এক নারীকে খুন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।  

রবিবার (১৭ নভেম্বর) সকালে আদাবর থানা এলাকার ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশের ধারণা, নিহতের স্বামী তাকে (নাসিমা বেগম) হত্যার পর বাসা থেকে পালিয়ে গেছেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে আদাবর থানা এলাকার ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে নাসিমা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, নিহত নাসিমা বেগম কিছুদিন আগে তার প্রথম স্বামীকে ছেড়ে মাসুম হাওলাদার রানা নামের ওই যুবককে বিয়ে করেন। গতকাল শনিবার রাতে ঘটনার পর থেকে সে পলাতক আছে। ধারণা করা হচ্ছে, রানাই তার স্ত্রীকে হত্যার পর পালিয়েছে।

নিহত নাসিমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।