সারাদেশ ২১ নভেম্বর, ২০১৯ ১১:৫১

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। 

বাড়ি থেকে বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফেরা হলো না শাকিব মিয়া (৭) ও নাঈম মিয়া (৬) নামে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেন স্বজনেরা। নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের পুটিকা গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।

শাকিব পুটিকা গ্রামের আবু সিদ্দিকের ছেলে ও নাঈম একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ওই দুই শিশু স্থানীয় লামছড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিব ও নাঈম বাড়ি থেকে প্রতিদিনের মতো বুধবার সকালে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় থানা-পুলিশকে জানান। সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন লোক পুটিকা গ্রামের হেকিম মিয়ার পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে পরিবারের লোকজন এসে তাদের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে বিশকাকুনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বলেন, বিষয়টি খুব মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, ওই দুই শিশু বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে মারা যায়।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান বলেন, ওই দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।