সারাদেশ ২৩ নভেম্বর, ২০১৯ ০২:২৭

আশুলিয়ার তাজরীনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ডেস্ক রিপোর্ট ।।

সাভারের আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাত বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে আহত শ্রমিক ও নিহতের স্বজনেরা।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) সাভার-আশুলিয়া কমিটির উদ্যোগে তাজরীন গার্মেন্টসের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এ সময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারী হয়ে পরে তাজরীনের আকাশ-বাতাস। পরে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ তাজরিন ও রানা প্লাজাসহ সারাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আইএলও কনভেনশন ২১২ এবং মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫ এর ভিত্তিতে শ্রমিকদের সারাজীবনের ক্ষতি ও বিভিন্ন দুর্ঘটনায় আদালতের আদেশপত্র, ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

এছাড়া একটি জাতীয় মানদণ্ড তৈরি এবং আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবিও জানান তারা।

এ সময় নেতৃবৃন্দ নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে শ্রমিকদের সোচ্চার ও সক্রিয়া হওয়ার আহ্বান জানান।

মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।