নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা পারাপারে সময় ট্রাকচাপায় জহুরা খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার ছেলে ও স্কুলছাত্র জিসান। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বদেলুয়া সড়ক সেতুর পাশে পাবনা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে জহুরা খাতুন তার ছেলেকে নিয়ে ওই সড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি মালবাহী ট্রাক জহুরা ও তার ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরা খাতুনের মৃত্যু হয়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।





















