নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ের একটি টায়ার কারখানার অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের সূত্রপাত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হলেও প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আজ বুধবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ফরহাদ হোসেন আজ বুধবার ভোরে এ তথ্য নিশ্চিত করেন।
ফরহাদ হোসেন বলেন, ‘রাত ৩টা ১০ মিনিটে আমরা আগুনের খবর পাই। একে একে মোট ১২টি ইউনিট কাজ করে ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’
পরে ঘটনাস্থলে বুধবার ভোরে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ‘এখন আগুন নিয়ন্ত্রণে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি করব। তদন্ত কমিটিই জানাবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’




















