নিজস্ব প্রতিবেদক
টিকটক কথা শুনতে শুরু করেছে বলে এমন তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য জানান। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক।
এক প্রতিবেদনে টিকটক জানিয়েছে, পরিষেবার শর্ত লঙ্ঘন করে এমন কনটেন্ট এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে টিকটক নিয়মিত ব্যবস্থা নেয়। এ ছাড়া ব্যবহারকারীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তারা এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকে।
প্রতিবেদনে আরও জানা যায় এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত টিকটক মোট ভিডিও সরিয়েছে ১১ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৩০০টি। এতে স্ব–উদ্যোগী হয়ে ৮৯ দশমিক ১ শতাংশ, কোনো ভিউ হওয়ার আগেই ৭৪ দশমিক ৭ শতাংশ এবং ২৪ ঘণ্টার মধ্যে ৮৩ দশমিক ৯ শতাংশ ভিডিও সরানো হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভিডিও সরানো হয়েছে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি। এর মধ্যে স্ব–উদ্যোগী হয়ে ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।
আমাদের কাগজ// টিএ






















