বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৩ অক্টোবর, ২০২২ ০৮:২০

সাড়ে ১১শ লিংক সরিয়েছে টিকটক

নিজস্ব প্রতিবেদক: এ বছর টিকটক থেকে আপত্তিকর সাড়ে ১১শ লিংক সরানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বেশ কিছু লিংক সরানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

বৃহস্পতিবার বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে বিটিআরসি ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী যুব কর্মশালা ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির হার ছিল ৭ দশমিক ৬৯ ভাগ, আপত্তিকর ছবি ৫ দশমিক ৮৫ ভাগ, সাইবার বুলিং ৫০ দশমিক ১৬ ভাগ। ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির হার ছিল ৯ দশমিক ৩৪ ভাগ, আপত্তিকর মেসেজ ৬ দশমিক ৯৩ ভাগ এবং সাইবার বুলিং ৫০ দশমিক ২৭ ভাগ। 

তিনি বলেন, ২০২১ সালে ওয়েবসাইট বা ডোমেইন থেকে লিংক অপসারণের অনুরোধ করা হয়েছিল ১ হাজার ২৩৫টি। এর মধ্যে অপসারণ করা হয়েছে ১ হাজার ২৩৫টি। অর্থাৎ অপসারণের হার ১০০ ভাগ। ২০২২ সালে ওয়েবসাইট বা ডোমেইন থেকে লিংক অপসারণের অনুরোধ করা হয়েছে ৬৪৫টি। এর মধ্যে সবগুলোই অপসারণ করা হয়েছে। অপসারণের হার ১০০ ভাগ।

২০২১ ও ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারিত লিংকের বিবরণ তুলে ধরে বলেন, ২০২১ সালে ফেসবুক থেকে আট হাজার ৯১৬টি এবং ২০২২ সালে আট হাজার ২২৮টি লিংক অপসারিত হয়েছে। ২০২১ সালে ইউটিউব থেকে এক হাজার ১৩ টি এবং ২০২২ সালে অপসারিত হয়েছে ২২২ টি লিংক। ২০২২ সালে টিকটক থেকে অপসারিত হয়েছে এক হাজার ১৫৯টি লিংক, ২০২২ সালে বিগো, লাইকি ও ইমো থেকে অপসারিত হয়েছে ৬৭টি লিংক। টুইটার থেকে অপসারিত হয়েছে ২৯টি লিংক।

আমাদের কাগজ//জেডআই