আন্তর্জাতিক ২৫ অক্টোবর, ২০২০ ১১:৩৫

এবার পোলিও ঝুঁকিতে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনার প্রভাবের মধ্যেই নতুন করে পোলিও প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। বিদ্যমান করোনা পরিস্থিতিতে টিকা পৌঁছাতে বিলম্ব হচ্ছে। যার ফলে পোলিও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারির সময়ে এই অঞ্চলে পোলিও'র প্রাদুর্ভাব ঠেকাতে টিকার ব্যাপারে মনোযোগ দিতে হবে এবং এ সংক্রান্ত নজরদারি বজায় রাখতে হবে।

পিএএইচও'র পরিচালক কারিসা এটিনি বলেন, একটি অঞ্চল হিসেবে আমরা এর আগে একবার পোলিওকে পরাজিত করেছি। তবে পোলিও টিকা সংক্রান্ত প্রচারণা কমে গেলে আমরা আবারও পোলিও সংক্রমণের ঝুঁকিতে পড়বো। ফলে অন্যরা কী করছে সেদিকে তাকানোর চেয়ে আমাদের নিজেদের সুরক্ষিত রাখা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ভ্যাকসিন ও নজরদারির ওপর জোর দিতে হবে। খবর সিএনএনের।