ডেস্ক রিপোর্ট
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জত ইবরাহিম আল-দৌরি (৭৮) মারা গেছেন বলে জানিয়েছে দেশটির বাথ পার্টি। ইরাকি বাথ পার্টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। খবর আনাদোলুর।
বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ইরাকি বাথ পার্টি আল-দৌরিকে ‘বাথ এবং ইরাকি জাতীয় প্রতিরোধের যোদ্ধা’ বলে আখ্যা দেয়। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। আরব বিশ্বের প্রভাবশালী নেতা সাদ্দামের শীর্ষ কর্মকর্তাদের একজন ছিলেন আল-দৌরি।
সাবেক ইরাকি শাসকের ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্র অভিযান চালালে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এরপর তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। তিকরিতের কাছে এক এলাকায় জন্ম নেয়া আল-দৌরিকে ডাকা হতো ‘আইসম্যান’ নামে। একসময় বরফ সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
১৯৬৮ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে ইরাকি বাথ পার্টি। সে সময় বার্থ পার্টি নেতা আহমেদ হাসান আল-বাকার ইরাকের প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন সাদ্দাম হুসেইন। আল-দৌরি সে সময় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন।




















