আন্তর্জাতিক ২৯ অক্টোবর, ২০২০ ০৫:৩৪

ভিয়েতনামে টাইফুন মলাভের তান্ডব, নিহত ১৬

ডেস্ক রিপোর্ট

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন 'মলাভে'র কারণে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। বুধবার দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন।  বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর জোর উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে বুধবার টাইফুন 'মলাভে' আঘাত হানলে ২ জনের প্রাণহানি ঘটে। এছাড়া টাইফুনের কারণে গাছপালা উপড়ে গেছে, বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং আগে থেকেই বন্যায় আক্রান্ত এসব এলাকায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। কোয়াং ন্যাম প্রদেশে প্রবল বর্ষণের পর পৃথক দুটি ভূমিধসে ৫৩ জন নিখোঁজ হন।

কর্তৃপক্ষ বলছে, উপড়ে পড়া গাছপালা ও কাদার কারণে রাস্তা বন্ধ হওয়ায় দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে রীতিমতো লড়াই চালাতে হচ্ছে। কাদামাটির নিচ থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার দলে সেনা সদস্যও রয়েছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ত্রিঞ্চ দিঞ্চ ডাং বলেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। বহু লোক কাদামটির নিচে চাপা পড়েছে। তাদের উদ্ধারেও বেগ পেতে হচ্ছে।

চলতি মাসে ভিয়েতনামে আঘাত হানা চতুর্থ ঝড় ‘মলাভে’। এই ঝড়ের কারণে কর্তৃপক্ষ ৩ লাখ ৭৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়। এছাড়া শত শত ফ্লাইট বাতিল এবং স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়। ঝড়টি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বয়ে এসে দানাং এর দক্ষিণাঞ্চলে আঘাত হানে।