আন্তর্জাতিক ডেস্ক
নির্দিষ্ট একটি সংস্থাকে অর্থের বিনিময়ে সরকারি কাজ দেয়ার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে দেশটির পার্লামেন্ট থেকে সরানো হয়েছে। আজ মঙ্গলবার পেরুর এই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোট দেন সংসদ সদস্যরা।
এ বিষয়ে ভিজকারা বলেছেন, সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নিয়ে কোনও ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না তিনি। প্রেসিডেন্ট প্রাসাদও ছেড়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
দেশটির বর্তমান কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে প্রত্যাশা করা হচ্ছে। গত কয়েক মাস ধরেই প্রেসিডেন্টের দুর্নীতি ঘিরে পেরুতে রাজনৈতিক সঙ্কট চলছিলো। এর আগে দুইবার প্রেসিডেন্ট ভিজকারাকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
উল্লেখ্য, পেরুর দক্ষিণের মোকুগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন ৫৭ বছর বয়সী ভিজকারা প্রায় ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ঘুষের বিনিময়ে একটি সংস্থাকে সরকারি কাজ দিয়েছিলেন বলে অভিযোগ উঠে। তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
পার্লামেন্টে ভোটাভুটির আগে অভিশংসনের যেকোনও পদক্ষেপ দেশকে অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন প্রেসিডেন্ট ভিজকারা। কিন্তু দেশটির পার্লামেন্টের ১০৫ সদস্য প্রেসিডেন্ট ভিজকারাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এছাড়া বিপক্ষে ভোট দেন পার্লামেন্টের মাত্র ১৯ জন সদস্য।
সূত্র: বিবিসি।



















