আন্তর্জাতিক ডেস্ক।।
ইজরায়েলে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিল লেবাননের হিজবুল্লাহ। সংগঠনের প্রধান হাসান নসরুলাহর অভিযোগ, সম্প্রতি ইজরায়েলি ড্রোন হামলায় মারা গিয়েছেন তাঁদের দুই সদস্য। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত, রবিবার। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে শহরতলি এলাকায় হামলা চালায় দু’টি ইজরায়েলি ড্রোন। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার জেরে নিহত হন দু’জন হিজবুল্লাহ সদস্য। আর সেই ঘটনাতেই উত্তেজনা বাড়ছে ওই এলাকায়। সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘‘সীমান্ত এলাকায় থাকা ইজরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্রস্তুত থেকো। আমাদের জন্য অপেক্ষা করো।’’ তিনি আরও বলেন, ‘‘২০০৬ সালে হিজবুল্লাহ ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের পর এই প্রথম এমন শত্রুভাবাপন্ন আচরণ। এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী। ইজরায়েলি বিমান আসবে আর লেবাননের উপর হামলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই।’’
আরো পড়ুন:ইজরাইলের পতনের সময় এসে গেছে: ইরান
যদিও লেবাননের আকাশসীমা লঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি নয় ইজরায়েলি প্রশাসন।
এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক হযে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি।



















