আন্তর্জাতিক ডেস্ক
যে কোন কাজেই দিতে হয় বাড়তি টাকা। ঘুষ ছাড়া এখানে যে কোন কাজই সম্ভব না। রাস্তা থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান পর্যন্ত সবখানেই হয় টেবিলের নিচের লেনদেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন বের করে এই ঘুষ নিয়ে। সেই প্রতিবেদনেই উঠে আসে ঘুষ দেওয়ায় এশিয়ায় শীর্ষে আছে ভারতের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এশিয়ার ১৭টি দেশের ২০ হাজার মানুষকে নিয়ে এক গবেষণা চালায় সংস্থাটি। ভারতের ৩৯ শতাংশ মানুষ বলেছেন, সরকারি সুযোগ-সুবিধা পেতে তাদের ঘুষ দিতে হয়েছে। নেপালে ১২ শতাংশ, বাংলাদেশে ২৪ শতাংশ, চীনে ২৮ শতাংশ এবং জাপানে ২ শতাংশ ছিল।
প্রতিবেদনে বলা হয়, ভারতে ৪৭ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে গত ১২ মাসে দেশটিতে দুর্নীতি বেড়েছে। পাশাপাশি, ৬৩ শতাংশ মানুষ এটাও মনে করেন যে দুর্নীতি রুখতে সরকার ভালো কাজ করছে। অর্থাৎ মোদি সরকারের ওপর এখনও আস্থা আছে তাদের।
ভারতের ৪৬ শতাংশ মানুষ কোনো সরকারি পরিষেবা পাওয়ার জন্য উপর মহলে যোগাযোগ করেন। এদের মধ্যে ৩২ শতাংশ মনে করেন উঁচু জায়গায় যোগাযোগ না করলে তারা পরিষেবা পেতেন না।
এসব ক্ষেত্রে কাজ হাসিল করতে ভারতের বহু সংখ্যক মানুষ তাদের ব্যক্তিগত যোগাযোগও ব্যবহার করেন বলে জরিপে উঠে এসেছে।
ঘুষ নিয়ে ভোট দেয়ার চিত্রও উঠে এসেছে এই জরিপে। ভারতে এ হার ১৮ শতাংশ, অবস্থান চতুর্থ। ২৮ শতাংশ হার নিয়ে এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে থাইল্যান্ড এবং ফিলিপাইন।




















