আন্তর্জাতিক ২৮ আগস্ট, ২০১৯ ০৮:৩৫

কাশ্মীরে হিংসার উস্কানী দিচ্ছে পাকিস্তান: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইট বার্তায় জোর দিয়ে জানিয়েছেন যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং জম্মু-কাশ্মীরে হিংসা উস্কে দিয়েছে পাকিস্তান।

আজ বুধবার রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, অনেক বিষয়েই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি। তবে তিনি একেবারে পরিষ্কার জানাতে চান, এই হিংসার পিছনে লাগাতার উস্কানি দিয়ে চলেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। শনিবার শ্রীনগর সফর করতে রাহুল গান্ধীকে বাধা দেওয়া হয় এবং বিমানবন্দর থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এর পরেই জম্মু ও কাশ্মীর পরিচালনার বিষয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করেন কংগ্রেস নেতা। তারপরেই এই টুইটটি উল্লেখযোগ্য বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুর এই মন্তব্যের সমর্থনে টুইট করেন, “স্পট অন, চিফ! এটিই হল ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল মতামত: জম্মু এবং কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ; আমরা ৩৭০ ধারা বাতিল করার পদ্ধতিটির বিরোধিতা করেছি কারণ যেভাবে এটা হয়েছে তাতে আমরা আমাদের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর অত্যাচার চালিয়েছি। আমাদের অবস্থান থেকে পাকিস্তানের কোনও স্বাচ্ছন্দ্য বোধ করার কারণ নেই।" প্রসঙ্গত, সরকারের প্রশংসা করার জন্য এর মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন এই সিনিয়র নেতা।