আন্তর্জাতিক ২ ডিসেম্বর, ২০২০ ০৫:৫৯

ভোট কারচুপির বিষয়ে মুখ খুললেন মার্কিন অ্যাটর্নি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মাত্রার কারচুপির অভিযোগ এনেছেন, বিচার বিভাগ তেমন কোনও কিছুর প্রমাণ পায়নি। আমরা এ পর্যন্ত কারচুপির প্রমাণ পাইনি যা নির্বাচনের ফল পরিবর্তন করতে পারে বলে মন্তব্য করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। খবর বিবিসির।

আজ মঙ্গলবার উইলিয়াম বার এপিকে বলেছেন, পদ্ধতিগত জালিয়াতির অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে- মেশিন হ্যাক করা হয়েছে যাতে নির্বাচনী ফলাফল পরিবর্তন করা যায়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল আরো বলেন, বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ তদন্ত করেছে। তবে এ পর্যন্ত এই দাবির পক্ষে তেমন জোরালো কোনও প্রমাণ পাওয়া যায়নি। পরে অবশ্য বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন যে, তদন্ত এখনও শেষ হয়নি।

বারের এমন মন্তব্য ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা। কেননা তিনি এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি। বিভিন্ন রাজ্য জো বাইডেনকে জয়ী হিসেবে সার্টিফাই করা শুরু করেছে। তবে এটা ঠেকাতে বেশ কয়েক রাজ্যে মামলা করেও সেগুলোতে প্রত্যাখ্যাত হয়েছেন ট্রাম্প।