আন্তর্জাতিক ২১ ডিসেম্বর, ২০২০ ০৩:৪১

বিশ্বে করোনায় মৃত্যু ১৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৬৫ লাখ এবং মৃতের সংখ্যা প্রায় ১৭ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৮১৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯২ হাজার ২১০ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ৩০৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার জন। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৬৫৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ৩৮ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৬৪ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ হাজার ২২৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৭৭ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২০ হাজার ৫৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৭৬ জনের।