আন্তর্জাতিক ডেস্ক।।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলার জবাব দেয়ার যে সিদ্ধান্ত তার সংগঠন নিয়েছে তার থেকে সরে আসার কোন সুযোগ নেই। তিনি বলেছেন, গত সপ্তাহের ড্রোন হামলার জন্য ইসরাইলকে ‘মূল্য পরিশোধ করতে হবে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং রাজধানী বৈরুতের বিডিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে তাঁর এ ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়।
ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেন, ড্রোন হামলার জবাব হবে আত্মরক্ষার যৌক্তিক অধিকারের যথাযথ প্রয়োগ। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলকে একথা বুঝিয়ে দিতে হবে যে, লেবাননের আকাশসীমা তার জন্য উন্মুক্ত নয়।



















