আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর দু'দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
দেশটির সঙ্গে স্থল ও সমুদ্র বন্দর খুলে দিচ্ছে তারা। দীর্ঘ সময় ধরে চলমান বিরোধের মধ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এদিকে, সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন এবং মিসর।
উল্লেখ্য, কাতারের সঙ্গে বিরোধের ফলে সৌদি আরব সহ বেশ কিছু পারস্য উপসাগরীয় দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। অনলাইন বিবিসি বলছে, মঙ্গলবার সৌদি আরবে হতে যাচ্ছে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সামিট। তার আগেটই এমন ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, বিরোধ নিরসনে একটি চুক্তি স্বাক্ষর হবে।




















