আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:০৭

ইসরাইলের অভ্যন্তরে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক।।

ইসরাইলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। এতে ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস এবং এতে থাকা ইহুদিবাদি সেনারা হতাহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (রোববার) ইসরাইলের আভিভিম সামরিক ঘাঁটির সড়কে রাখা দুটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ’র দুটি সশস্ত্র গ্রুপ। এতে একটি সামরিক যান সম্পূর্ণ ধ্বংস হয় এবং অপরটিতে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা ইসরাইলি সেনারা হতাহত হয়েছে। 

হামলার কথা নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলি ঘাঁটি ও সামরিক যান লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে একটি সামরিক যান ধ্বংস হয়েছে। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।