আন্তর্জাতিক ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৪৮

গোপনীয়তা ভেঙে ভারতে হাতে তথ্য তুলে দিচ্ছে সুইস ব্যাংক

ডেস্ক রিপোর্ট।। 

কালো টাকা উদ্ধারের লক্ষ্যে প্রথমবার ক্ষমতায় এসেই আর্থিক সংস্কারের পথে হেঁটেছে মোদী সরকার। এক্ষেত্রে দুটি বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথমে নোট বাতিল করা হয়েছে। তারপর জি এস টি লাঘু করে গোটা দেশে চালু হয়েছে এক কর ব্যবস্থা।

তবে মুখে কালো টাকা উদ্ধারের কথা বললেও, এখনও ঠিক কত পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে, তার কোনও সঠিক হিসাব দিতে পারেনি কেন্দ্র। যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে এই সেই লক্ষ্যে বড়সড় সাফল্য পেলো মোদী সরকার। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে তাদের সংস্থায় বিপুল পরিমাণে অর্থ মজুত রাখা ভারতীয়দের তথ্য নয়া দিল্লি’র হাতে তুলে দিতে শুরু করবে সুইস ব্যাংক কতৃপক্ষ।

জানা গিয়েছে, সম্প্রতি ভারত সফরে এসেছিলেন সুইস ব্যাংক এর ট্যাক্স ডিভিশনের ডেপুটি হেড নিকোলাস মারিও লুসচেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। রাজস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডে, আয়কর দফতরের শীর্ষ কর্তা ও সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। 

সূত্রের খবর, সেই বৈঠকেই সুইস কর্তাদের কাছে প্রস্তাব দেন ভারতীয় প্রতিনিধিরা। সুইস কতৃপক্ষকে জানানো হয়, তাদের সংস্থায় অ্যাকাউন্ট রয়েছে এমন ভারতীয় গ্রাহকদের তথ্য চায় নয়া দিল্লী এবং দীর্ঘদিনের গোপনীয়তার নীতি ভেঙে সেই তথ্য ভারতের হাতে তুলে দিতে রাজি হন সুইস কতৃপক্ষ। এরপরেই সেই খবর টুইটের মাধ্যমে জানায় ভারতের আয়কর দফতর।

বিগত ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই কালো টাকা উদ্ধারের ওপর জোড় দেওয়ার কথা বলে আসছে মোদী সরকার। সুতরাং বলা যায়, তার সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবেন তিনি।