আন্তর্জাতিক ১৯ জানুয়ারি, ২০২১ ০৯:২৯

বেপরোয়া ট্রাকে পিষ্ট হল ঘুমন্ত ১৫ শ্রমিক

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতের গুজরাটের সুরাট এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা ১৫ শ্রমিককে পিষে দিয়েছে বেপরোয়া ট্রাক। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয় জন। গতকাল সোমবার মধ্যরাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬ জন। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘুমন্ত শ্রমিকদের উপর। এতে অন্তত ১৩ জনের মৃত্যুর কথা প্রাথমিকভাবে জানা গেলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে। মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। শ্রমিক হিসেবে তারা গুজরাটে কাজ করতে এসেছিলেন।

সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, আখবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয়।এতে মারা যায় ১৫ জন শ্রমিক। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, সুরাটের ট্রাক দুর্ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করি।