আন্তর্জাতিক ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪৫

মাহাথিরের কাছে জাকির নায়েককে ফেরত চাইলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক।।

আলোচিত ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েককে প্রত্যর্পণে পদক্ষেপ নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার ও অর্থপাচারের মামলা রয়েছে। তবে তাকে প্রত্যর্পণে মালয়েশীয় প্রধানমন্ত্রী কোনো নিশ্চয়তা দিয়েছে কিনা তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। কিন্তু দুই নেতা এই ইস্যুতে যোগাযোগ বজায় রাখবেন বলে জানা গেছে।-খবর হিন্দুস্তান টাইমসের

তিন দিনের ইস্টার্ন ইকোনমিক সামিট সামনে রেখে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, এ বিষয়ে যোগাযোগ বজায় রাখতে দুপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

মোদি ও মাহাথিরের দ্বিতীয় বৈঠক এটি। এর আগে গত বছরের মে মাসে তাদের বৈঠক হয়েছিল।

তবে কিছুদিন আগেই মাহাথির বলেছিলেন, ভারতের কাছে জাকিরকে হস্তান্তরের বিষয়ে ইচ্ছুক নয় মালয়েশিয়া। তবে তৃতীয় কোন দেশ তাকে আশ্রয় দিতে চাইলে মালয়েশিয়া তা স্বাগত জানাবে।