আন্তর্জাতিক ডেস্ক।।
তুরস্কের হাতে বর্তমানে পরমাণু অস্ত্র নেই। নিজস্ব প্রযুক্তিতে এই অস্ত্র বানাতে দেশটিকে বাধা দিচ্ছে তাদেরই বন্ধুপ্রতিম ন্যাটোভুক্ত পারমাণবিক শক্তিধর দেশগুলো। কিন্তু তুরস্ক এখন আর তাদের বাধা মানতে চায় না। এমনটিই জানালেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির সিভাস শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে এরদোয়ান পরমাণু অস্ত্রের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
এরদোয়ান বলেন, আংকারাকে নিজস্ব পরমাণু অস্ত্র অর্জনে বাধা দিচ্ছে পারমাণবিক শক্তিধর দেশগুলো, যেটা অগ্রহণযোগ্য।
এরদোয়ান বলেন, বেশ কয়েকটি দেশের পারমাণবিক ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু আমাদের সেটা নেই। আমি এটা মানতে পারছি না। বিশ্বে এমন কোনো উন্নত দেশ নেই, যারা এই অস্ত্রের মালিক না।
ইসরাইলের মতো একই ধরনের সুরক্ষা পাওয়ার দাবি করছেন বলে আভাস দিয়েছেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের কাছেই ইসরাইল, প্রায় প্রতিবেশী। তারা এই অস্ত্রের মালিক হয়ে অন্য দেশকে আতঙ্কিত করে রেখেছে। কেউ তাদের স্পর্শ করতে পারে না।



















