আন্তর্জাতিক ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০৯

প্রথম ক্রুজ মিসাইলের পরীক্ষায় সফল তুরস্ক

ডেস্ক রিপোর্ট।। 

প্রথমবারের মতো ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। শক্তিশালী এই মিসাইল কংক্রিট ভেদ করে বাংকার ধ্বংস করে দিতে পারে। টার্কিশ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিকাল রিসার্চ কাউন্সিলের অধীনস্থ প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসএজিই) তৈরি করেছে ‘এসওএম-বি২’ নামের এই ক্রুজ মিসাইলটি।

বৃহস্পতিবার তুর্কি শিল্প ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী মুস্তাফা ভারনাক এক টুইট বার্তায় একথা নিশ্চিত করেন। সেইসাথে মিসাইল পরীক্ষার একটি ভিডিও সংযুক্ত করে দেন তিনি। যাতে দেখা যায়, একটি কংক্রিটনির্মিত বাংকারে সফলভাবে আঘাত হানছে ‘এসওএম-বি২’ ক্রুজ মিসাইল।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সির প্রধান ইসমাইল দেমির জানান, ফায়ারিং টেস্টে ‘এসওএম-বি২’ ক্রুজ মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এসএজিই জানিয়েছে, স্ট্যান্ড-অফ মিসাইল (এসওএম) হলো টার্বোজেট ইঞ্জিনচালিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল। ভূমি এবং সাগরপৃষ্ঠে কঠিন আবরণের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এটি তৈরি করা হয়েছে।

প্রায় ২৫০ কিলোমিটার পাল্লার ‘এসওএম-বি২’ ক্রুজ মিসাইলটিতে যুক্ত রয়েছে দুই স্তরের ট্যান্ডেম পদ্ধতির ওয়ারহেড।