নিজস্ব প্রতিবেদক: হারিকেন জুলিয়ার আঘাতে মধ্য আমেরিকায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এল সালভাদর এবং গুয়াতেমালায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গুয়াতেমালার আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। উদ্ধার কাজ চালাতে গিয়ে মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন সেনাদস্যও রয়েছেন।
সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছে, গত রবিবার (৯ অক্টোবর) ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হনে। সেখানে আঘাত হানার পর দৃশ্যত বিলীন হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের শক্তি সঞ্চয় করে হারিকেন জুলিয়া। এর প্রভাবে গুয়াতেমালা এবং এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।
ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়া শহরে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া স্রোতের কবলে পড়ে এবং গাছ চাপা পড়ে আরও দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এল সালভাদরের কর্তৃপক্ষ দেশটিতে পাঁচ সেনাসদস্যসহ ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহত সেনাসদস্যরা কোমাসাগুয়া শহরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে দেয়াল ধসে তাদের মৃত্যু হয়।দেশটিতে এক হাজারেরও বেশি মানুষকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
আমাদের কাগজ//টিএ




















