আন্তর্জাতিক ১৫ অক্টোবর, ২০২২ ০৬:২৮

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পাকিস্তানকে ‘নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্রধারী’ এবং ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ’বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ কারণে খুব রেগে গিয়েছেন পাকিস্তান।

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে বর্তমান সরকার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার(১৫ অক্টোবর) এমনটা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

এর আগে বৃহস্পতিবার(১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে জো বাইডেন বলেন, ‘আমি যা মনে করি সেটি হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। যে দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।’

বিলাওয়াল বলেন, পাকিস্তান ‘পারস্পরিক আলোচনার এক যাত্রা’ শুরু করেছে এবং মাত্র কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী পালন করেছে। তিনি বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছি। অবস্থান ব্যাখ্যা করার জন্য যুক্তরাষ্ট্রকে একবার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।

জো বাইডেনের মন্তব্য পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ইতিবাচক পারস্পরিক আলোচনার যে পথে রয়েছি, সেটি অব্যাহত রাখব। সূত্র: ডন।

আমাদের কাগজ//জেডআই