আন্তর্জাতিক ১৬ অক্টোবর, ২০২২ ০৩:০৯

মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে নিহত ১২

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হয়েছেন।  শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় দেশটির ইরাপুয়াতোর পানশালায় (বার) গুলি চালালে ছয় নারী ও ছয় পুরুষ নিহত হন। কী কারণে এতগুলো মানুষকে গুলি করে হত্যা করলো তার কারণ তাৎক্ষণিকভাবে বের করা যায়নি।

শহরের প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের এখনও আটক করা সম্ভব না হলেও তাদের ধরতে অভিযান চলছে। মেক্সিকোয় রেকর্ড মাত্রার গ্যাং সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় বসেছিলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। তার প্রশাসনকে এখনও মাদককারবারিদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।

গুয়ানাজুয়াতো রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে মাদককারবারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। গত ২১ সেপ্টেম্বর একই রাজ্যের তারিমোরো শহরের এক পানশালায় হামলায় ১০ জন নিহত হন।  রাজ্যটিতে এক মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটলো।

 

আমাদের কাগজ//টিএ