আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছেন ৪০ জন। মধ্য প্রদেশের রেওয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রেওয়ার সুহাগি পাহাড়ি এলাকায় ৩০ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ বলছে, হায়দ্রাবাদের তেলঙ্গানা থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুরগামী ওই দূরপাল্লার বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ও গ্রামবাসীরা উদ্ধারকাজ শুরু করেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসনের দাবি, কাভার্ড ভ্যানটি প্রথমে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মেরে রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে। এর পরপরই পেছনে থাকা বাসটি কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় শোকপ্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর গুরুতর আহতদের চিকিৎসায় ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় হতাহতদের সবাই উত্তর প্রদেশের বাসিন্দা ও শ্রমিক। তারা দীপাবলি উপলক্ষে বাসে করে বাড়ি ফিরছিলেন।
আমাদের কাগজ//টিএ




















