আন্তর্জাতিক ৩১ অক্টোবর, ২০২২ ০১:১৮

দুঃখ প্রকাশ করলেন মোদী

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের মরবিতে সেতু ভেঙে এ পর্যন্ত ১৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে আটকা পড়ে আছেন সেখানে।  এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এ দুর্ঘটনা দুঃখজনক। সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহ গতকাল থেকেই অব্যাহত আছে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি। কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে মন্তব্য করেন মোদি। ‘দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। এই শোকের মুহূর্তে সরকার প্রতিটি শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে।’ দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

নরেন্দ্র মোদি আরও বলেছেন, আহতরা যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেখানেও কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে। মানুষ যাতে ন্যূনতম সমস্যার সম্মুখীন না হয়, তা নিশ্চিত করার জন্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ দিকে এ দুর্ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র মণীশ দোশি বলেছেন, ‘এটি নিঃসন্দেহে একটি অবহেলাজনিত অপরাধ। এ দুর্ঘটনার জন্য বিজেপি দায়ী।’ তিনি হতাহতদের উদ্ধার করতে কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ও জাতীয় ঐক্য দিবস উপলক্ষে গুজরাটের কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদি আজ সোমবার এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি এখন একতা নগরে আছি, কিন্তু আমার মন পড়ে আছে মরবিতে। আমি আমার জীবনে এমন দুঃখ খুব কমই পেয়েছি। একদিকে আমার দুঃখভারাক্রান্ত হৃদয়, অন্যদিকে কর্তব্য।’

এদিকে ভারতীয় আরেক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার পর পরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
 

 

আমাদের কাগজ//টিএ