আন্তর্জাতিক ডেস্ক: আর পাঁচ জন মদপ্রেমীর মতো দোকানে ঢুকল সে। নির্দিষ্ট জায়গা থেকে মদের বোতলটি নিল এবং ঢকঢক করে মদ্যপান শুরু করল। মদপ্রেমী বাঁদরের এই ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় সে। এর পর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদ্যপান শুরু করে। ধীরে ধীরে তার মদ্যপানের দৃশ্য দেখার মতো! মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুটও দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে সে।
এক দোকান মালিকের অভিযোগ, শুধু ক্রেতাদের কাছ থেকে মদের বোতল বা বিয়ারের ক্যান ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হয় না বানরটি। মাঝে মধ্যে দোকানেও ঢুকে পড়ে। সেখান থেকে একটা বোতল তুলে নিয়ে আবার গাছে উঠে যায়। আর মদচুরি আটকাতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে সে।
কতদিন আর এই বাঁদরামি সহ্য করা যায়! মাতাল বানরের বিষয়ে সোজা স্থানীয় কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছেন সেই দোকান মালিক। কিন্তু সেখানে তাকে কেবল সতর্ক থাকার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে জেলা আবগারি কর্মকর্তা রাজেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, বন বিভাগের সহায়তায় বানরটি ধরার চেষ্টা চলছে।
এমন ঘটনা দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ভিডিয়ো করেন। তাঁদেরই এক জন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বাঁদরটি চেটে খায় তা। তার পর থেকে প্রতি দিনই নাকি সে দোকানের কাছে ঘুরঘুর করত। তাকে কিছুতেই তাড়ানো যেত না। এর পর এই ঘটনা।
আমাদের কাগজ//টিএ


















