আন্তর্জাতিক ডেস্ক: লটারিতে কোটি কোটি টাকা জিতেছেন যুবক। দামি দামি গাড়ি, ঘড়িসহ নিজের পছন্দের সব কিনে ফেলেছেন। তবে অতৃপ্তি থেকে গেছে কারণ এখনো বিয়ে হয়নি তার। নেই একজন নারী সঙ্গী যার পেছনে এই টাকা খরচ করতে চান যুবক। বর্তমানে বৌ খুঁজতে তাই মরিয়া হয়ে উঠেছেন লটারি জিতে এক রাতে কোটিপতি যুবক
জার্মানির এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ৪১ বছর বয়সী কুরসত জানিয়েছেন, তাঁর এক জন জীবনসঙ্গী চাই। কেমন মেয়েকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ, তা-ও জানিয়েছেন যুবক। তিনি জানিয়েছেন, মেয়েটিকে দেখতে যেমনই হোক, বিশ্বস্ত হতে হবে। কারণ তিনি এখন অনেক টাকার মালিক। নিজের স্ত্রীকে তিনি চোখ বুজে ভরসা করতে চান। নিজের একটি ই-মেল আইডি তৈরি করেছেন কুরসত। তাঁকে বিয়ে করতে আগ্রহী মেয়েদের সেই ই-মেলের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। সেপ্টেম্বর মাসে লটারি জিতেছেন জার্মানির ডর্টমুণ্ডের বাসিন্দা কুরসত ইলদিরিম। লটারির পুরস্কারমূল্য ভারতীয় মুদ্রার হিসাবে প্রায় ৮১ কোটি টাকা।
একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ওই যুবক। লটারি জিতেই তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। রাতারাতি কিনে ফেলেছেন পোর্শে, ফেরারির মতো দামি গাড়ি। বিলাসবহুল একটি হাতঘড়িও কিনেছেন। কিন্তু এখনও জীবনসঙ্গী খুঁজে পাননি তিনি।
তিনি আরও জানিয়েছেন, লটারি জেতার পর আচমকা পরিচিতরা তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। তাঁর কাছ থেকে টাকা চাইছেন। অনেকেই তাঁর এই ভাগ্যকে ভাল চোখে দেখছেন না। বিয়ে করে তাঁদেরকেই বার্তা দিতে চান কুরসত। একই সঙ্গে কোটি টাকার মালিক হয়েও তাঁর পা যে মাটিতেই রয়েছে, সে কথাও জানাতে ভোলেননি তিনি।
আমাদের কাগজ//জেডআই


















