আন্তর্জাতিক ১৫ নভেম্বর, ২০২২ ১১:৩১

খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিতে জি-২০ এর সম্মেলন শুরু 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট জি-২০ এর সম্মেলন।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশ্বের ১৯টি শীর্ষ ধনী দেশের এই জোটের শীর্ষ সম্মেলন চলছে ইন্দোনেশিয়ার বালিতে। সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসানের জোরালো আহ্বান জানান তিনি।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, সম্মেলনে বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ফলে সারা বিশ্বে যে খাদ্য সংকট তৈরি হয়েছে তা মোকাবিলায় খাদ্যনিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে এই সম্মেলনে।


সম্মেলনের আগের দিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। বৈঠকে বাইডেন জানিয়েছেন, তিনি দেশ দুটির মধ্যে সংঘাত দেখতে চান না। অপরদিকে তাইওয়ান ইস্যুতে কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছেন সি। দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের এমন টানাপোড়েনের সময় এই বৈঠক হয়।

এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় দুই নেতা আলোচনা করেছেন বলে জানা গেছে।

এদিকে জি-২০ সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন কিনা তাও জানা যায়নি। অপরদিকে জি-২০ জোটের সদস্য না হলেও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি রাশিয়ার প্রতি ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের আহ্বান জানান। 

এ বিষয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অর্থনৈতিক গবেষক ড্যান্ডি রাফিট্র্যান্ডি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে এই ফোরামের (জি-২০) সাফল্য রয়েছে, যার মধ্যে বিশ্বের দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধ বন্ধ করার উদ্যোগ এবং মহামারি চলাকালে জরুরি তারল্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে অর্থায়ন করা। আর এই জায়গাগুলোই আশা দেখাচ্ছে। তবে আশার বাস্তব রূপ পেতে হলে অবশ্যই জোটকে ভূরাজনৈতিক সংকটের সমাধানই আগে করতে হবে।

 

আমাদের কাগজ/ এম টি