আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় বিশ্বে কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৫৬ জন
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে। এছাড়া এইদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন।
শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জাপান; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ৩৭৫ জন এবং এ রোগে মারা গেছেন ৯৯ জন। একই দিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১৬০ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৫১ জন।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭২৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৫৯৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ১৩০ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
আমাদের কাগজ//জেডআই




















