আন্তর্জাতিক ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:১৩

আসামের পরে এবার হরিয়ানাতে এনআরসি

ডেস্ক রিপোর্ট।। 

আসামের পরে এবার আরেক ভারতীয় রাজ্য হরিয়ানায় চালু হতে চলেছে জাতীয় নাগরিকপঞ্জি তথা এনআরসি। রবিবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। রোববার পাঁচকুলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা এবং নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী খট্টর। এর পরে সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা হরিয়ানায় এনআরসি চালু করব।' তবে পরিকল্পনার ব্যাপারে মুখ্যমন্ত্রী বিশদে কিছু বলেননি। এমনকি কবে নাগাদ এনআরসি হবে, সে বিষয়েও তিনি মুখ খোলেননি।

পঞ্চকুলায় রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা ও প্রাক্তন নৌসেনা প্রধান সুনীল লানবার সঙ্গে বৈঠক করেন মনোহরাল৷ বৈঠকের পরেই তিনি ঘোষণা করেন, হরিয়ানাতেও এনআরসি কার্যকর করা হবে৷

অক্টোবরে হরিয়ানায় বিধানসভা নির্বাচন৷ তার আগে জনসংযোগে 'মহা সম্পর্ক অভিযান'-এ নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এই কর্মসূচিতে হরিয়ানার বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করছেন তিনি৷ এরই অঙ্গ হিসেবে এদিন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী খট্টর। এদের মধ্যে ছিলেন বিচারপতি ভাল্লা এবং অ্যাডমিরাল লাম্বা।

খট্টারের বিরোধী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডা মনোহরলাল খট্টারকে সমর্থন করে বলেন, 'মুখ্যমন্ত্রী যা বলেছেন, আইনের আওতায় বলেছেন৷ বিদেশিদের বিতাড়ন দরকার৷ বিদেশি চিহ্নিত করা সরকারের দায়িত্ব৷'

২০১৩ সালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে আসামে এনআরসি আপডেটের কাজ শুরু হয়েছে। তখন থেকেই গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছে সুপ্রিম কোর্ট। ৩১ অগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা থেকে বাদ গিয়েছে ১৯ লক্ষ মানুষের নাম। এই তালিকা দেখে অসন্তোষ প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল। এমনকী এনআরসির চূড়ান্ত তালিকা বিজেপির আসামের নেতাদেরকেও খুশি করতে পারেনি। এনিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন একাধিক প্রথম সারির নেতা।

আসামে এনআরসির তীব্র প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাফ কথায় তিনি আরো জানিয়েছেন যে, তার জীবদ্দশায় পশ্চিমবঙ্গে তিনি এনআরসি হতে দেবেন না।