আন্তর্জাতিক ২১ নভেম্বর, ২০২২ ১২:০৪

ভারতে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাক উঠে , নিহত ১২

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) রাতে বিহারের বৈশালী জেলার মেহনার গ্রামে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতরা একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিচ্ছিলেন ।

‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনার জন্য আয়োজিত ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘অশ্বত্থ’ গাছের সামনে জড়ো হয়। এক সময় দ্রুতগামী একটি ট্রাক শোভাযাত্রাটিতে ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত ১২ জনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন, গ্রামে একটি বিয়ে সামনে রেখে স্থানীয় রীতি অনুযায়ী ‘ভূমিয়া বাবা’র পূজার আয়োজন হয়েছিল। কাছেই সুলতানপুর গ্রামে কয়েক দিনের মধ্যে ওই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা৷

স্থানীয় বিধায়ক মুকেশ রৌশন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহতদের হাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরও তিনজন।এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

এদিকে, শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

 

আমাদের কাগজ//টিএ