আন্তর্জাতিক ডেস্ক: টানা ছয় বছর দায়িত্ব পালন শেষে আগামী ২৯ নভেম্বর অবসরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তবে সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার সপ্তাহ মাত্র দুই আগে সামনে এসেছে বিস্ফোরক তথ্য। পাকিস্তানভিত্তিক অনুসন্ধানমূলক প্রতিষ্ঠান ফ্যাক্ট ফোকাস জানিয়েছে, গত ছয় বছরে বিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানের পরিবারের সদস্যরা।
যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি সাংবাদিক আহমেদ নুরানির করা ওই প্রতিবেদনে বলা হয়, জেনারেল বাজওয়ার মেয়াদকালে শূন্য থেকে বিলিয়নিয়ার হয়েছেন তার স্ত্রী আয়শা আমজাদ। স্বামী সেনাপ্রধান হওয়ার আগে উল্লেখযোগ্য কোনও সম্পদ ছিল না তার। তবে বাজওয়ার ছয় বছরের মেয়াদে তিনি এখন হাজার হাজার কোটি রুপির মালিক। একই অবস্থা পরিবারের অন্য সদস্যদেরও।
এই প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, পাক সেনাপ্রধানের পরিবারের জ্ঞাত সম্পদের পরিমাণ ১২.৭ বিলিয়ন পাকিস্তানি রুপি। তারা তাদের তথ্যে বলেছে, ২০১৬ সালে জেনারেল বাজওয়ার স্ত্রী আয়েশার কোনো সম্পদই ছিল না। এখন তিনি ২.২ বিলিয়ন রুপির মালিক।
পাকিস্তানভিত্তিক এ প্রতিষ্ঠানটি তাদের তথ্যে আরও জানিয়েছে, ২০১৮ সালের অক্টোবরে বাজওয়ার পুত্রবধু মানহুর সাবিরের কোনো সম্পদ ছিল না। কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে ২০১৮ সালের নভেম্বরে তিনি বিলিয়নিয়ার বনে যান। অন্যদিকে মানহুরের বোন হামনা নাসের এক বছরের মধ্যে বিলিয়নিয়ার হন। এছাড়া বাজওয়ার বেয়াই সাবির আহমেদের সম্পদও অস্বাভাবিক রকম বেড়েছে। ২০১৩ সালে সাবির মিলিয়নিয়ার থাকলেও কয়েক বছরের ব্যবধানে তিনি বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখান
এদিকে জেনারেল বাজওয়ার পরিবারের সদস্যদের এমন আর্থিক বিবরণী সামনে আসার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। গোপনীয় ট্যাক্স নথি কিভাবে ফাঁস হলো ২৪ ঘণ্টার মধ্যে সেটিও খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী ইসহাক দার সেনাপ্রধানের পরিবারের সদস্যদের ট্যাক্সের তথ্য ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
ফ্যাক্টফোকাস নিজেদের ‘পাকিস্তানভিত্তিক ডিজিটাল মিডিয়া’ হিসেবে পরিচয় দিয়েছে। তারা ডেটা-নির্ভর অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন নিয়ে কাজ করে আসছে বলে সংবাদ প্রতিষ্ঠানটি দাবি করেছে।
অতীতে এই ওয়েবসাইট পাকিস্তানের কয়েকজন রাজনীতিক ও অন্যান্য খাতের ‘তহবিল তছরুপ’ নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ।
আমাদের কাগজ//টিএ


















