আন্তর্জাতিক ডেস্ক ইতিমধ্যে কাতারে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসর। এ জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে কাতারে এসেছে করেছে মানুষ। এসেছে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরাও। আর এই বিশ্বকাপ ফুটবলের আবহে কাতারে এসেছেন ভারতের নিষিদ্ধ তালিকায় থাকা জাকির নায়েক। জাকির নায়েককে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করে এবার সমস্ত ভারতীয় নাগরিককে বিশ্বকাপ ফুটবল বয়কট করার আহবান জানিয়েছেন বিজেপির মুখপাত্র স্যাভিও রডরিগেজ।
বিশ্বকাপ ফুটবল চলাকালে জাকির নায়েক ওই দেশে বিভিন্ন অনুষ্ঠানে ইসলাম ধর্ম প্রচার করবেন বলে কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত স্পোর্টস চ্যানেল ‘আলকাস’ জানিয়েছে। আলকাসের ওই সিদ্ধান্তের কথা প্রচার করেছে সে দেশের সংবাদমাধ্যম ‘আল আরবিয়া নিউজ’। এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই গোয়া রাজ্যের বিজেপি নেতা ও মুখপাত্র স্যাভিও রডরিগেস মঙ্গলবার ভারত সরকারকে ওই অনুরোধ জানান।
স্যাভিওর মতে, কাতারে যেভাবে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হল, তা এক প্রকার ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আটকে দেওয়া হচ্ছে। আর তাই তিনি সমগ্র ভারতবাসীর কাছে অনুরোধ করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতের পাশে দাঁড়াতে যেন বিশ্বকাপ বয়কট করা হয়।
প্রসঙ্গত, এই জাকির নায়েক দীর্ঘদিন যাবত সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারতে। এমনকি ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তিনি রয়েছেন। এদিন কাতারের সিদ্ধান্তের বিরোধিতা করে স্যাভিও জানান, “বিশ্বকাপ একটি আন্তর্জাতিক মঞ্চ। সারা দুনিয়ার মানুষ এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকেন। এত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মে জাকির নায়েককে বক্তৃতার সুযোগ দেওয়ার অর্থ তাঁর ঘৃণা ছড়ানোর আদর্শকে সমর্থন করা।”
আর এরপরেই তিনি ভারত সরকার থেকে ভারতের ফুটবল অ্যাসোসিয়েশন সহ যারা কাতারে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন, প্রত্যেককে উদ্দেশ্য করে বলেন, যে মঞ্চে জাকির নায়েকের মত ব্যক্তিকে কথা বলার সুযোগ দেওয়া হয় সেখানে কোনভাবেই বিশ্বকাপ দেখা উচিত নয়। প্রসঙ্গত বিজেপি নেতার কথা অনুযায়ী জাকির নায়েকের জন্য ফুটবল বিশ্বকাপ বয়কট করার যায় কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আমাদের কাগজ//টিএ




















