আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র (এ টেরোরিস্ট রেজিম)’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয়ান পার্লামেন্ট। ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা এবং আন্তর্জাতিক আইন অবমাননার জন্য রাশিয়াকে এই ভূষণে আখ্যায়িত করে বিশ্বের দেশগুলোকেও এই পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
ইউরোপীয়ান পার্লামেন্টে এই প্রস্তাব ৪৯৪ ভোটে পাস হয়েছে। ৫৮ জন সংসদ সদস্য এর বিপক্ষে ভোট দেন এবং ৪৪ জন বিরত ছিলেন। পার্লামেন্ট সদস্যরা ( এমইপি নামে পরিচিত) বলছেন, এই আইনি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এই প্রস্তাব মূলত প্রতীকী। এই প্রস্তাব বাস্তবায়নের মতো আইনি কাঠামো নেই ইউরোপীয় ইউনিয়নের। একই সময়ে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে ব্লকটি।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার পর ইইউ রাশিয়ার ১ হাজার ২৪১ জন ব্যক্তি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ১১৮টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হবে।
আমাদের কাগজ//টিএ


















