আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০২২ ০৯:৩০

রাশিয়ান মন্ত্রীর সাথে বৈঠকের আগে মারা গেলো বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মিত্র বেলারুশের দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি হঠাৎই মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, তার রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে দেখা করার দুই দিন আগে মারা গেলেন তিনি।

ভ্লাদিমির মেকি ২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। শনিবার বিস্তারিত আর কোনও তথ্য না জানিয়ে দেশটির  বার্তাসংস্থা বেল্টা জানায়, ‘পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি হঠাৎ মারা গেছেন।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ৬৪ বছর বয়সী ভ্লাদিমির মেকি চলতি সপ্তাহের শুরুতে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও)-এর একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। এটি সোভিয়েত যুগ পরবর্তী বেশ কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট এবং সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার দেখা করার কথা ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর মস্কো এবং মিনস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সমর্থক মেকি বলেন, পশ্চিমারা যুদ্ধে উস্কানি দিয়েছে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের উচিত রাশিয়ার শান্তির শর্তে সম্মত হওয়া। অবশ্য যুদ্ধ শুরুর কয়েকদিন আগে মেকি প্রতিশ্রুতি দিয়েছিলেনন, বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনের ওপর কোনও আক্রমণ হবে না। কয়েকদিন পরে, রাশিয়ান সৈন্যরা প্রমাণ করে যে তিনি ভুল ছিলেন।

মৃত্যুকালে ভ্লাদিমির মেকির বয়স হয়েছিল ৬৪ বছর। ২০১২ সাল থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

 

আমাদের কাগজ//টিএ