আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০২২ ১০:২৭

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৩২ জন নিহত হয়েছে। গত ১১ নভেম্বর রাশিয়ার কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেন। তবে পিছু হটলেও নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে শহরটিতে গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনীয় পুলিশের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউক্রেনের ন্যাশনাল পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রতিদিনই চালানো রাশিয়ার হামলা এই শহরকে ধ্বংস করছে এবং শান্তিপূর্ণ স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে। সর্বোপরি, শহরটি ছেড়ে চলে যাওয়ার পর থেকে খেরসন অঞ্চলে ৩২ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে রাশিয়া।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র সহকারী শনিবার জানান, শহরের বিদ্যুৎ সংযোগ ফের চালু করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেন শিগগিরই এই অঞ্চল ছেড়ে যেতে চায় এমন লোকদের সরিয়ে নেওয়া শুরু করবে।

পুলিশ আবারও এই অঞ্চলে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাধ্য হয়ে দেশের শান্ত অঞ্চলে আশ্রয় নেওয়ার জন্য অনেক লোক এখান থেকে সরে যাচ্ছে। কিন্তু অনেক বাসিন্দা তাদের বাড়িতেই থাকছেন এবং আমাদের তাদের সর্বোচ্চ সম্ভাব্য নিরাপত্তা দিতে হবে।’

এদিকে খেরসনের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কিছু দিনের মধ্যেই তারা খেরসন শহরের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়। তবে শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয় মস্কো। শহরের দখল হারালেও ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান নিয়ে সেখান থেকে খেরসনে গোলাবর্ষণ অব্যাহত রাখে রুশ বাহিনী।

 

আমাদের কাগজ//টিএ