আন্তর্জাতিক ডেস্ক: কাতারে ফুটবল বিশ্বকাপে খেলতে যাওয়া ইরানি ফুটবলারদের পরিবারকে হুমকি দিচ্ছে ইরান সরকার। কাতারের আল তুমামা স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ইরান। এই ম্যাচ চলাকালীন মাঠে ইরানি ফুটবলারদের 'আচরণের' ওপর নজর রাখা হবে। সরকারবিরোধী আচরণ দেখলেই 'টার্গেট' করা হবে তাদের পরিবারকে। এমনটাই দাবি করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
গত ২১ নভেম্বর, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে মাঠে নামে ইরান। ওই ম্যাচে ইরানি ফুটবলাররা দেশের জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকেন, যা নিয়ে আন্তর্জাতিক পরিসরেও ব্যাপক আলোচনা হয়েছে। অনেকের মতে, বিশ্বমঞ্চে ইরান সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই জাতীয় সংগীত চলাকালীন নীরব ছিলেন দেশটির ফুটবলাররা।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, জাতীয় সংগীত নিয়ে ওই ঘটনার পরই ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যদের সঙ্গে একটি বৈঠকের জন্য ডাকা হয় দেশটির জাতীয় দলের ফুটবলারদের। সেখানে তাদের বলা হয়, তারা জাতীয় সংগীত না গাইলে কিংবা তেহরান প্রশাসনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রতিবাদে যোগ দিলে তাদের পরিবার 'সহিংসতা ও নির্যাতনের' সম্মুখীন হবে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামার আগে খেলোয়াড়দের ‘দামি উপহার ও গাড়ি’ দেওয়ার প্রতিজ্ঞা করেছিল ইরান সরকার। কিন্তু যখন ম্যাচে তারা জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট মেলাননি তখন তাদের হুমকি দেওয়া হয়েছে।
পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে অনেক দিন থেকেই উত্তাল ইরান। বিক্ষোভ প্রতিবাদ চলছে নিয়মিতই। বিশ্বকাপেও চলেছে সে ধারা।
আমাদের কাগজ//টিএ




















