আন্তর্জাতিক ৩০ নভেম্বর, ২০২২ ০৪:০৯

মারা গেলেন চীনের সাবেক প্রেসিডেন্ট

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা সিএনএন ও রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, লিউকেমিয়াসহ একাধিক শারীরিক জটিলতাজনিত কারণে চীনের স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে সাংহাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি, সংসদ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সামরিক বাহিনী সাবেক এই নেতার মৃত্যুর ঘোষণা দিয়ে চীনা জনগণের কাছে একটি চিঠি প্রকাশ করেছে।

চিঠিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের পার্টি, সামরিক বাহিনী এবং আমাদের সব  জাতিগোষ্ঠীর জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াং জেমিনের মৃত্যুতে চীনা কমিউনিস্ট পার্টির প্রধান অফিস, সরকারি বিভিন্ন ভবন ও বিশ্বজুড়ে চীনা দূতাবাস ও কনস্যুলেটে চীনের পতাকা অর্ধনমিত রাখা হবে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, জিয়াংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবস্থাপনা কমিটির এই আদেশ বুধবার থেকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে। তবে দেশটির সাবেক এই নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনও ঘোষণা দেওয়া হয়নি।

১৯৮৯ সালে তিয়ানমেন ট্রাজেডির পর প্রেসিডেন্টের দায়িত্ব নেন জিয়াং জেমিন। ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদান, ২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বত্ব পাওয়াসহ চীনের সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে তার অবদান রয়েছে।

 

আমাদের কাগজ//টিএ